Published in: Bangla Tribune
Date: 30 July 2020
নতুন এক জরিপে দেখা গেছে, ভারতের মুম্বাইয়ের তিনটি বস্তির এলাকার অর্ধেকেরও বেশি বাসিন্দার দেহে করোনাভাইরাসের এন্টিবডি সৃষ্টি হয়েছে। অথচ একই এলাকার বস্তির বাইরের বাসিন্দাদের মাত্র ১৬ শতাংশের শরীরে মিলেছে এই এন্টিবডি। এটি শরীরে পাওয়ার অর্থ হলো এসব মানুষ আগেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। জুলাই মাসের শুরুতে এসব এলাকার সাত হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে এই ফলাফল পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

Source: Bangla Tribune
সরকারি হিসেবে গত ২৮ জুলাই পর্যন্ত মুম্বাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে এক লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮৭ জনের।
নতুন এই জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে মুম্বাই মিউনিসিপালিটি কর্তৃপক্ষ সরকারি থিংকট্যাংক নীতি আয়োগ ও টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের (টিআইএফআর)। চেম্বুর, মাতুঙ্গা ও দাহিসার এলাকার বস্তিগুলোতে চালানো এই জরিপে দেখা গেছে ৫৭ শতাংশ বাসিন্দাই কোনও না কোনও সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মুম্বাইয়ের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের এ তিনটি এলাকায় প্রায় ১৫ লাখ মানুষের বাস।
জরিপের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা বলেছেন, ভারতের বাণিজ্যিক রাজধানীর বস্তিগুলোতে ভাইরাসের বিস্তার আগে করা ধারণার চেয়ে অনেক বেশি। মুম্বাইয়ের এক কোটি ২৫ লাখ বাসিন্দার অর্ধেকেরও বেশি বিভিন্ন বস্তিতে থাকেন।
Source:
https://www.banglatribune.com/foreign/news/635071/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4