Published in: Prothom Alo
Date: 26 Aug 2020
বিশ্বের বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণের হার কমছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে। এর উল্টো চিত্র দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। সেখানে সংক্রমণের হার এখনো বাড়ছে। খবর গার্ডিয়ান ও এএফপির।বিশ্ব স্বাস্থ্য সংস্থার গতকাল মঙ্গলবার দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৩৪৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ লাখ ১০ হাজার ৪৯২ জন।ডব্লিউএইচওর দেওয়া উপাত্তে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্তের দেশ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংক্রমণ হার কমছে। তবে এখনো করোনা সংক্রমণ বাড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় দেশগুলোয়।ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গত ছয় সপ্তাহে আক্রান্তের হার ৪ শতাংশ বাড়লেও মৃত্যুহার কমেছে। সেখানে লেবানন, তিউনিসিয়া ও জর্ডানে সংক্রমণ ছড়ানোর গতি সবচেয়ে বেশি। দক্ষিণ এশিয়ার ভারতে সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। প্রতিবেশী নেপালেও এই ভাইরাস দ্রুত ছাড়াচ্ছে।
Source:
https://www.prothomalo.com/world/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE-%E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A3-%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%8F%E0%A6%B6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%A1%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%89%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%93