Published in: Bangla Tribune
Date: 12 August, 2020
গত ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে বড় মন্দার মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য। করোনাভাইরাস মহামারির কারণে লকডাউন জারির পর এপ্রিল থেকে জুন মাসের অর্থনীতিতে এই মন্দা দেখা দেয়। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিষয়ক দফতরকে (ওএনএস) উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে দোকানপাট, কলকারখানা ও নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এমন অবস্থায় থমকে পড়ে দেশটির অর্থনীতি। এ বছরের প্রথম ত্রৈমাসের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসে যুক্তরাজ্যের অর্থনীতি ২০.৪ শতাংশ সংকুচিত হয়েছে। ২০০৯ সালের পর যুক্তরাজ্যের অর্থনীতিতে এতটা পতন দেখা যায়নি।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিষয়ক কার্যালয় (ওএনএস) জানিয়েছে, সেবা খাতে সবচেয়ে বেশি অর্থনৈতিক পতন দেখা গেছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, জুন মাসে চলাচলে নিষেধাজ্ঞা সহজ হতে শুরু করার পর অর্থনীতি আবার সচল হয়ে উঠেছে।
যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিসংখ্যানবিদ জোনাথন অ্যাথো বলেন, জুনে দোকানপাট খুলেছে, কলকারখানায় উৎপাদন শুরু হয়েছে, আবাসন শিল্প আবারও সচল হয়েছে। আর এর মধ্য দিয়ে অর্থনীতির চাকা আবারও ঘুরতে শুরু করেছে।’