Published in: Prothom Alo
Date: 16 Feb 2020
নতুন করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণে এবার তাইওয়ানে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। চীনের বাইরে ফিলিপাইন, হংকং, জাপান ও ফ্রান্সের পর প্রথমবারের মতো তাইওয়ানে এ ভাইরাসের সংক্রমণে কারও মৃত্যুর খবর পাওয়া গেল।
এর আগে ফিলিপাইন, হংকং, জাপান ও ফ্রান্সে এই ভাইরাসে আক্রান্ত চারজন মারা যান। এর মধ্যে তিনজনই চীনের নাগরিক। বিবিসি বলছে, আজ রোববার পর্যন্ত এই ভাইরাসের উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬৫–তে। আক্রান্ত হয়েছে ৬৮ হাজারের বেশি মানুষ।
তাইওয়ানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত রোববার এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং বলেন, করোনাভাইরাসের সংক্রমণে প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ডায়াবেটিস ও হেপাটাইটিস বি-তেও ভুগছিলেন। তাইওয়ানে এটাই প্রথম মৃত্যু। আর আক্রান্ত রোগীর সংখ্যা ২০।
বিবিসি বলছে, চীনের বাইরে প্রায় ৩০টি দেশে পাঁচ শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ওই এলাকা থেকে নিজের নাগরিকদের ফিরিয়ে আনা অব্যাহত রেখেছে বিভিন্ন দেশ। আজ ভারত তাদের প্রায় ৪০০ নাগরিককে ফিরিয়ে নিয়েছে। এই ব্যক্তিদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। এ ছাড়া উহান থেকে ১৭৫ নাগরিককে ফিরিয়েছে নেপাল। এই নাগরিকদের অধিকাংশই ছাত্র।
Source:
https://www.prothomalo.com/international/article/1640148/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81