Published in: Prothom Alo
Date: 16 Feb 2020
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চীনফেরত এক নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
আজ রোববার দুপুর দুইটার দিকে ওই নারীকে ভর্তি করা হয় বলে হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, চীনের এই নাগরিক জ্বর, সর্দি ও ব্যথায় অসুস্থ হয়ে পড়লে আজ দুপুরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, ৪ ফেব্রুয়ারি চীনা নারী চীন থেকে বাংলাদেশে আসেন। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানিতে কর্মরত। তাঁর রক্ত, লালা ও ঘাম ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হবে বলে হাসপাতালের পরিচালক জানিয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চারজন করোনাভাইরাস সন্দেহে ভর্তি হন। এর আগের তিনজন ছিলেন চীনফেরত বাংলাদেশের শিক্ষার্থী। এই তিনজনের মধ্যে একজনের করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আর দুজন শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হয়।
Source:
https://www.prothomalo.com/bangladesh/article/1640107/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87-%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B0%E0%A6%82%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0